Bhola Sadar Polytechnic Institute
Published on Bhola Sadar Polytechnic Institute (https://www.bspi.edu.bd/bspi20)

Home > বেসিক ইলেকট্রিসিটি - ২য় অধ্যায় (Basic Electricity - 2nd chapter) (Code: 26711) (Bangla Version). Author: Engr. Dibakar Dey, IIT-Kharagpur

বেসিক ইলেকট্রিসিটি - ২য় অধ্যায় (Basic Electricity - 2nd chapter) (Code: 26711) (Bangla Version). Author: Engr. Dibakar Dey, IIT-Kharagpur

২য় অধ্যায়ঃ পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী

২.১ পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর সংজ্ঞা 

২.২ ইলেকট্রন তত্ত্বের আলোকে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী ব্যাখ্যা 

২.৩ বিভিন্ন ধরনের পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর তালিকা তৈরি 

২.৪ কোনো পরিবাহীর রোধকে প্রভাবিত করে এমন বিষয়গুলো বর্ণনা 

২.৫ রোধ সংক্রান্ত সূত্রগুলো উল্লেখ 

২.৬ R = ρL/A সম্পর্কটি প্রমাণ 

২.৭ রোধকত্বের (resistivity) অর্থ ব্যাখ্যা 

২.৮ রোধকত্বের একক উল্লেখ করে এর বর্ণনা 

২.৯ রোধ সংক্রান্ত সূত্রগুলোর ওপর ভিত্তি করে গাণিতিক সমস্যা সমাধান 

 

এখানে তাত্ত্বিক আলোচনা, বৈদ্যুতিক ব্যবস্থায় পরিবাহী, অর্ধ-পরিবাহী এবং অপরিবাহী পদার্থের ব্যাখ্যা ও বিশ্লেষণ, সমস্যা সমাধান (ট্রাবলশুটিং), গাণিতিক সমস্যার সমাধান, ব্যবহারিক নির্দেশিকা, লেকচার ভিডিও এবং এমসিকিউ (MCQ), সি কিউ (CQ) ও এল কিউ (LQ) প্রদান করা হবে।

২য় অধ্যায়ঃ পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী

ভুমিকা (Introduction): আধুনিক সভ্যতার বিকাশ এবং প্রযুক্তির বিবর্তনের ক্ষেত্রে পরিবাহী (conductors), অর্ধপরিবাহী (semiconductors) ও অপরিবাহী (insulators)-এর অবদান অপরিসীম। বৈদ্যুতিক প্রবাহ নিয়ন্ত্রণের সক্ষমতার ভিত্তিতে শ্রেণীবদ্ধ এই তিন ধরনের পদার্থ প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান যুগের কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ গবেষণার মতো প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে।

অতীত ইতিহাস ও বিবর্তন

  • পরিবাহী (Conductor): প্রাচীনকালে ধাতব পদার্থ (যেমনঃ তামা, লোহা, সোনা) কেবল অলংকার ও অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতো। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে আলেসান্দ্রো ভোল্টা ও মাইকেল ফ্যারাডের মতো বিজ্ঞানীদের হাত ধরে তড়িৎ ও চুম্বকত্বের আবিষ্কারের পর তামা ও অ্যালুমিনিয়ামের মতো পরিবাহী পদার্থগুলো বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনের প্রধান মাধ্যমে পরিণত হয়। পরিবাহী হলো যার ভিতর দিয়ে অতি সহজে বিদ্যুৎ বা ইলেকট্রন চলাচল করতে পারে। 
  • অপরিবাহী (Insulator): বিদ্যুৎ আবিষ্কারের পরপরই মানুষের নিরাপত্তার প্রয়োজনে অপরিবাহী পদার্থের গুরুত্ব সামনে আসে। শুরুতে প্রাকৃতিক রাবার, কাঠ, কাঁচ এবং চীনামাটি ব্যবহার করে বৈদ্যুতিক তার ও যন্ত্রপাতিকে নিরাপদ রাখা হতো। পরবর্তীতে বিংশ শতাব্দীতে প্লাস্টিক ও সিন্থেটিক পলিমার আবিষ্কারের ফলে বৈদ্যুতিক অন্তরক ব্যবস্থায় আমূল পরিবর্তন আসে। অপরিবাহী হলো যার ভিতর দিয়ে বিদ্যুৎ বা ইলেকট্রন চলাচল করতে পারে না।  
  • অর্ধপরিবাহী (Semiconductor): ১৮৩৩ সালে মাইকেল ফ্যারাডে সিলভার সালফাইডের তাপমাত্রার সাথে রোধের পরিবর্তনের বিষয়টি লক্ষ্য করেন, যা ছিল অর্ধপরিবাহী গবেষণার সূচনা। তবে এর প্রকৃত বিপ্লব ঘটে ১৯৪৭ সালে ট্রানজিস্টর আবিষ্কারের মাধ্যমে। বিশাল আকৃতির ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে সিলিকন ও জার্মেনিয়ামের মতো অর্ধপরিবাহী ব্যবহার শুরু হওয়ায় ইলেকট্রনিকস জগতে 'সিলিকন বিপ্লব' সূচিত হয়। অর্ধপরিবাহী হলো ডোপিং এর মাধ্যমে পরিবাহী ও অপরিবাহী পদার্থের একটি নিদিষ্ট অনুপাতে মিশ্রীত পদার্থ, যার ভিতর দিয়ে সামান্য পরিমাণ (৫ - ২৫ ভোল্ট) বিদ্যুৎ বা ইলেকট্রন চলাচল করতে পারে। 

অর্থাৎ, একটি বৈদ্যুতিক ব্যবস্থায়, পরিবাহী পদার্থ শক্তির জন্য একটি পথ তৈরি করে, অপরিবাহী পদার্থ সেই শক্তিকে নিরাপদ সীমানার মধ্যে আবদ্ধ রাখে এবং অর্ধপরিবাহী পদার্থ প্রয়োজন অনুযায়ী শক্তির প্রবাহকে সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করে যার মাধ্যমে যন্ত্রটিতে বুদ্ধিমত্তা যুক্ত হয়।

 

২.১ পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর সংজ্ঞা 

  • পরিবাহী (Conductor): যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজে এবং খুব দ্রুত বিদ্যুৎ ও তাপ প্রবাহিত হতে পারে এবং খুব কম বাঁধার সম্মুখীন হতে হয়, তাদেরকে পরিবাহী বলে। এদের মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন (Free electrons) থাকে। 

উদাহরণ: তামা, লোহা, সোনা, রূপা, অ্যালুমিনিয়াম ও পিতল ইত্যাদি।

  • অপরিবাহী বা অন্তরক (Insulator): যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ বা তাপ প্রবাহিত হতে পারে না অর্থাৎ খুব বেশী বাঁধার সম্মুখীন হতে হয়, তাদেরকে অপরিবাহী বা অন্তরক বলে। এদের মধ্যে কোন মুক্ত ইলেকট্রন থাকে না বললেই চলে। 

উদাহরণ: কাঠ, প্লাস্টিক, কাচ, রাবার, সিরামিক, ইবোনাইট ও মাইকা ইত্যাদি।

  • অর্ধপরিবাহী (Semiconductor): যে সকল পদার্থের তড়িৎ পরিবাহিতা পরিবাহী ও অপরিবাহীর মাঝামাঝি, তাদেরকে অর্ধপরিবাহী বলে। স্বাভাবিক তাপমাত্রায় এদের পরিবাহিতা পরিবাহীর চেয়ে কম কিন্তু অপরিবাহীর চেয়ে বেশি হয়। তাপমাত্রা বাড়লে এদের পরিবাহিতা বৃদ্ধি পায়। 

উদাহরণ: সিলিকন (Silicon), জার্মেনিয়াম (Germanium), টিন, কার্বন ও ভেজা কাঠ ইত্যাদি।

ইলেকট্রন তত্ত্ব (Electron Theory) ও এনার্জি ব্যান্ড তত্ত্ব (Energy Band Theory) অনুযায়ী, মুক্ত ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন, পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর সংজ্ঞা নিচে দেওয়া হলো:

ভ্যালেন্স বা যোজ্যতা ইলেকট্রন: কোনো পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরে বা খোলকে (shell) অবস্থানকারী ইলেকট্রন,যা রাসায়নিক বন্ধন গঠনে বা বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে, সেগুলোকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়।কোনো পদার্থ ধাতু নাকি অধাতু, তা তার যোজ্যতা ইলেকট্রনের (valence electrons) মাধ্যমে নির্ধারণ করা যায়। এই যোজ্যতা ইলেকট্রনগুলোই পদার্থটির বৈদ্যুতিক বৈশিষ্ট্যও নির্ধারণ করে।

উদাহরণস্বরূপ, তামার সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে, তাই এর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা ১; একইভাবে, অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে তিনটি ইলেকট্রন থাকে, তাই এর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা ৩। 

মুক্ত ইলেকট্রন: কোনো পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরের (যোজ্যতা স্তরের) যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে সহজেই মুক্ত হতে পারে, পদার্থের ভেতর স্বাধীনভাবে (এলোমেলোভাবে) চলাচল করতে পারে এবং বৈদ্যুতিক প্রবাহে সহায়তা করে, সেগুলোকে মুক্ত ইলেকট্রন বলা হয়। এগুলো নিউক্লিয়াসের সাথে অত্যন্ত শিথিলভাবে আবদ্ধ থাকে।

পরিবাহী: যেসব পদার্থের পরমাণুতে চারটি থেকে কম যোজন ইলেকট্রন থাকে, যাদের সর্ববহিস্থ শক্তিস্তরে উল্লেখযোগ্য সংখ্যক মুক্ত ইলেকট্রন বিদ্যমান থাকে এবং যার মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহ সহজে চলাচল করতে পারে, সেগুলোকে পরিবাহী বলা হয়।

বৈশিষ্ট্য: এদের পরমাণুর ভ্যালেন্স ব্যান্ডে সাধারণত ৪টির কম ইলেকট্রন থাকে, তাই এনার্জি ব্যান্ড তত্ত্ব অনুযায়ী ভ্যালেন্স ব্যান্ড ও কন্ডাকশন ব্যান্ড একে অপরের ওপর উপরিপাতিত (overlap) অবস্থায় থাকে; ফলে এদের মাঝে কোনো এনার্জি গ্যাপ বা শক্তি ব্যবধান থাকে না।

উদাহরণ: তামা, রুপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি।

সেমিকন্ডাক্টর (অর্ধপরিবাহী): যে সকল পদার্থের পরমাণুতে ৪টি ভ্যালেন্স ইলেকট্রন (যোজ্যতা ইলেকট্রন) থাকে এবং যাদের বৈদ্যুতিক পরিবাহিতা পরিবাহী ও অপরিবাহীর মাঝামাঝি পর্যায়ে থাকে, সেগুলোকে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বলা হয়।

বৈশিষ্ট্য: কক্ষ তাপমাত্রায় এগুলোতে খুব অল্প সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে, যার ফলে এগুলো দুর্বল পরিবাহী (বা অপরিবাহী) হিসেবে আচরণ করে।তবে, তাপমাত্রা বৃদ্ধি করলে, উপযুক্ত অপদ্রব্য (impurities) যোগ করলে অথবা নির্দিষ্ট অনুপাতে ডোপিং (doping) করলে এদের পরিবাহিতা বৃদ্ধি পায়। এদের যোজ্যতা স্তরে (valence shell) সাধারণত ৪টি ইলেকট্রন থাকে। এনার্জি ব্যান্ড তত্ত্ব অনুযায়ী, এদের যোজ্যতা ব্যান্ড (valence band) এবং পরিবহন ব্যান্ডের (conduction band) মধ্যে খুব সামান্য শক্তির ব্যবধান বা এনার্জি গ্যাপ থাকে (সিলিকনের ক্ষেত্রে এটি প্রায় ১.১ ইলেকট্রন-ভোল্ট বা eV)।

এর উদাহরণগুলোর মধ্যে রয়েছে সিলিকন (Si), জার্মেনিয়াম (Ge) এবং কার্বন (C)।

অপরিবাহী বা অন্তরক (Insulator): যেসব পদার্থের পরমাণুতে চারটির বেশি যোজন ইলেকট্রন থাকে এবং যার ফলে সেগুলোতে কার্যত কোনো মুক্ত ইলেকট্রন থাকে না ও বিদ্যুৎ সহজে প্রবাহিত হতে পারে না, সেগুলোকে অন্তরক বলা হয়।

বৈশিষ্ট্য: এদের পরমাণুর সর্ববহিস্থ শক্তিস্তরে ৪টির বেশি (সাধারণত ৫ থেকে ৮টি) ইলেকট্রন থাকে, যা নিউক্লিয়াসের সাথে অত্যন্ত দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। শক্তি ব্যান্ড তত্ত্ব (energy band theory) অনুযায়ী, এদের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে একটি বিশাল শক্তির ব্যবধান (energy gap) থাকে; এই ব্যবধান অতিক্রম করার জন্য প্রয়োজনীয় শক্তি সাধারণত ইলেকট্রনগুলোর থাকে না।

উদাহরণ: কাঠ, প্লাস্টিক, কাঁচ, রাবার, ক্লোরিন, নিয়ন ইত্যাদি।

পরিবাহী ও অর্ধপরিবাহীতে প্রচলিত কারেন্ট প্রবাহের দিকঃ বৈদ্যুতিক প্রবাহের ক্ষেত্রে, 'প্রচলিত তড়িৎ প্রবাহ'-এর দিকটি ইলেকট্রন প্রবাহের প্রকৃত দিকের চেয়ে ভিন্ন হয়। পরিবাহী ও অর্ধপরিবাহীতে তড়িৎ প্রবাহের দিক নিচে বর্ণনা করা হলো:

পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহের দিক:

প্রচলিত বিদ্যুৎ প্রবাহের দিক: প্রথা অনুযায়ী, বিদ্যুৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয় বলে গণ্য করা হয় অর্থাৎ, কোনো ব্যাটারি বা উৎসের ধনাত্মক (+) প্রান্ত থেকে ঋণাত্মক (-) প্রান্তের দিকে। (ধনাত্মক আধানের প্রবাহের দিককে ভিত্তি করেই এটি নির্ধারণ করা হয়েছে।)

প্রকৃত ইলেকট্রন প্রবাহের দিক: পরিবাহীতে (যেমন তামা, লোহা বা অ্যালুমিনিয়াম তার) আধান বাহক হলো মুক্ত ইলেকট্রন, যা ঋণাত্মক আধানযুক্ত। তাই প্রকৃত ইলেকট্রনগুলো ব্যাটারির ঋণাত্মক (-) টার্মিনাল থেকে ধনাত্মক (+) টার্মিনালের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ, ইলেকট্রন প্রবাহের ঠিক বিপরীত দিকটিই হলো প্রচলিত কারেন্টের দিক। 

অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরে বিদ্যুৎ প্রবাহের দিক: একটি সেমিকন্ডাক্টর পদার্থে (যেমন সিলিকন বা জার্মেনিয়াম), বিদ্যুৎ মূলত দুই ধরনের আধান বাহকের (charge carriers) মাধ্যমে প্রবাহিত হয়: ইলেকট্রন এবং হোল।

ইলেকট্রন প্রবাহ: একটি সেমিকন্ডাক্টরের এন-টাইপ (N-type) অঞ্চলে ঠিক যেমনটি একটি পরিবাহীর ক্ষেত্রে ঘটে, ইলেকট্রনগুলো ঋণাত্মক (-) প্রান্ত থেকে ধনাত্মক (+) প্রান্তের দিকে চলাচল করে।

হোল-এর প্রবাহ: যখন একটি ইলেকট্রন কোনো সমযোজী বন্ধন থেকে দূরে সরে যায়, তখন সেখানে একটি শূন্যস্থান বা 'হোল' (hole) সৃষ্টি হয়, যা একটি ধনাত্মক আধানের মতো আচরণ করে। এই হোলগুলো ধনাত্মক (+) প্রান্ত থেকে ঋণাত্মক (-) প্রান্তের দিকে স্থানান্তরিত হয়।

প্রচলিত তড়িৎ প্রবাহের দিক: অর্ধপরিবাহীর ক্ষেত্রেও, প্রচলিত তড়িৎ প্রবাহের দিকটিকে ধনাত্মক আধান বা 'হোল' (holes) এর গতির দিক হিসেবে বিবেচনা করা হয়; অর্থাৎ, ব্যাটারির ধনাত্মক (+) প্রান্ত থেকে ঋণাত্মক (-) প্রান্তের দিকে। বিপরীতক্রমে, ইলেকট্রনের সামগ্রিক প্রবাহ ঠিক উল্টো দিকে, অর্থাৎ ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে ঘটে থাকে।

 

২.২ ইলেকট্রন তত্ত্বের আলোকে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী ব্যাখ্যাঃ 

ইলেকট্রন তত্ত্ব (বিশেষত, এনার্জি ব্যান্ড তত্ত্ব) অনুযায়ী, কোনো পদার্থের মধ্যে বিদ্যমান ইলেকট্রন গুলোর শক্তির স্তর এবং মুক্ত ইলেকট্রনের প্রাপ্যতার ওপর ভিত্তি করে সেগুলোকে পরিবাহী, অর্ধপরিবাহী বা অপরিবাহী হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। নিচে এগুলোর একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হলো:

পরিবাহী:

সংজ্ঞা: যে সকল পদার্থের  মধ্য দিয়ে বিদ্যুৎ খুব সহজে এবং কোনো বাধা ছাড়াই প্রবাহিত হতে পারে, সেগুলোকে পরিবাহী বলা হয়। 

ইলেকট্রন তত্ত্ব অনুযায়ী: পরিবাহীতে যোজন ব্যান্ড (Valence Band) এবং পরিবহন ব্যান্ড (Conduction Band) পরস্পর ওভারল্যাপ বা আংশিক overlapping অবস্থায় থাকে। ফলে সামান্য ভোল্টেজ প্রয়োগ করলেই যোজন ব্যান্ড থেকে প্রচুর সংখ্যক ইলেকট্রন কোনো বাধা ছাড়াই খুব সহজে পরিবহন ব্যান্ডে চলে যেতে পারে এবং তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ চালায়। এদের মুক্ত ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি থাকে।

উদাহরণ: তামা (Cu), অ্যালুমিনিয়াম (Al), সোনা (Au), রূপা (Ag) ইত্যাদি। 

সেমিকন্ডাক্টর:

সংজ্ঞা: যেসব পদার্থের তড়িৎ পরিবাহিতা পরিবাহী এবং অন্তরকের পরিবাহিতার মাঝামাঝি থাকে, তাদেরকে সেমিকন্ডাক্টর বলা হয়।

ইলেকট্রন তত্ত্ব অনুযায়ী: ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝে অত্যন্ত ক্ষুদ্র একটি শক্তির ব্যবধান থাকে, যাকে 'নিষিদ্ধ শক্তির ব্যবধান' (forbidden energy gap) বলা হয় (সিলিকনের ক্ষেত্রে এটি সাধারণত প্রায় ১.১ ইলেকট্রন-ভোল্ট বা eV এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে প্রায় ০.৭ eV)। পরম শূন্য তাপমাত্রায় এই পদার্থগুলো অন্তরকের (insulator) মতো আচরণ করে। তবে তাপমাত্রা বৃদ্ধি পেলে অথবা উপযুক্ত অপদ্রব্য যুক্ত করার (ডোপিং) মাধ্যমে ইলেকট্রনগুলো পর্যাপ্ত তাপশক্তি অর্জন করতে পারে, যার ফলে তারা নিষিদ্ধ শক্তির ব্যবধান অতিক্রম করে কন্ডাকশন ব্যান্ডে প্রবেশ করতে সক্ষম হয় এবং বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে।

উদাহরণ: সিলিকন (Si), জার্মেনিয়াম (Ge), গ্যালিয়াম,  arsenide ইত্যাদি।  

অন্তরক (Insulator):

সংজ্ঞা: যে সকল পদার্থের মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহ সহজে বা আদৌ প্রবাহিত হতে পারে না, সেগুলোকে অন্তরক বলা হয়।

ইলেকট্রন তত্ত্ব অনুযায়ী: ভ্যালেন্স ব্যান্ডটি ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ পূর্ণ থাকে, অন্যদিকে কন্ডাকশন ব্যান্ডটি পুরোপুরি খালি থাকে। এই দুটি ব্যান্ডের মধ্যবর্তী নিষিদ্ধ শক্তি ব্যবধান (ব্যান্ড গ্যাপ) অত্যন্ত বড়, সাধারণত ৩ ইলেকট্রন-ভোল্টের (eV) চেয়ে বেশি। কক্ষ তাপমাত্রায় ইলেকট্রনগুলো এত বড় শক্তির বাধা অতিক্রম করে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছাতে পারে না; ফলে সেখানে কার্যত কোনো মুক্ত ইলেকট্রন থাকে না।

উদাহরণ: কাঠ, কাচ, রাবার, প্লাস্টিক ইত্যাদি।

পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী পদার্থের মধ্যে পার্থক্যঃ 

নিচে পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী পদার্থের মধ্যে পার্থক্য দেওয়া হলোঃ

ক্রমিক নম্বর

বিষয় / বৈশিষ্ট্য

পরিবাহী (Conductor)

অপরিবাহী (Insulator)

অর্ধপরিবাহী (Semiconductor)

১

বিদ্যুৎ পরিবহন ক্ষমতা

খুব সহজে বিদ্যুৎ ও তাপ পরিবহন করতে পারে।

বিদ্যুৎ বা তাপ একদমই পরিবহন করে না।

পরিবাহী ও অপরিবাহীর মাঝামাঝি বিদ্যুৎ পরিবহন করে।

২

মুক্ত ইলেকট্রন

প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে (1028 টি/ m3) কিন্তু বদ্ধ ইলেকট্রন কম থাকে। 

মুক্ত ইলেকট্রন থাকে না বললেই চলে কিন্তু বদ্ধ ইলেকট্রন বেশী থাকে। স্বাভাবিক অবস্থায় মুক্ত ইলেকট্রন কম থাকে, তবে তাপমাত্রা বাড়ালে বা অপদ্রব্য মেশালে (Doping) বাড়ে।
৩

শক্তি ব্যবধান (Band Gap)

যোজ্যতা ব্যান্ড ও পরিবাহন ব্যান্ডের মধ্যে কোনো শক্তি ব্যবধান থাকে না (প্রায় ০ eV)।

শক্তি ব্যবধান অনেক বেশি হয় (৩ eV-এর বেশি)।

শক্তি ব্যবধান খুব কম হয় (প্রায় ১ eV)।

৪

তাপমাত্রার প্রভাব

তাপমাত্রা বাড়লে পরিবাহিতা হ্রাস পায় (রোধ বাড়ে)। এর সহগ পজেটিভ। 

তাপমাত্রার পরিবর্তনে এদের তেমন প্রভাব পড়ে না। এর সহগ নেগেটভ। 

তাপমাত্রা বাড়লে পরিবাহিতা বৃদ্ধি পায়। যেহেতু তাপমাত্রা বাড়লে রোধ কমে, তাই এর তাপমাত্রা সহগ ঋণাত্মক (-Ve)।

৫

বহিঃস্থ স্তরের ইলেকট্রন

সাধারণত ১ থেকে ৩টি ইলেকট্রন থাকে।

সাধারণত ৫ থেকে ৮টি ইলেকট্রন থাকে।

বহিস্থ স্তরে ঠিক ৪টি ইলেকট্রন থাকে।

৬

উদাহরণ

তামা, রূপা, সোনা, লোহা, অ্যালুমিনিয়াম।

কাঠ, কাচ, প্লাস্টিক, রাবার, সিরামিক।

সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড।

 

২.৩ বিভিন্ন ধরনের পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর তালিকা তৈরি 

নিচে এদের উদাহরণসহ একটি তালিকা দেওয়া হলো:

 পরিবাহী পদার্থ (Conductors) নামঃ 

  • ধাতব পরিবাহী: রুপা (সর্বোত্তম পরিবাহী), তামা, সোনা, অ্যালুমিনিয়াম, লোহা, দস্তা (জিংক), নিকেল, টিন, পারদ ও পিতল। 

  •  অধাতব পরিবাহী: গ্রাফাইট (কার্বনের একটি রূপভেদ)। 

  •  তরল ও জলীয় দ্রবণ: লবণ মিশ্রিত পানি, এসিড মিশ্রিত পানি, ক্ষার দ্রবণ এবং মানবদেহ।

সেমিকন্ডাক্টর (অর্ধপরিবাহী) নামঃ 

  • মৌলিক সেমিকন্ডাক্টর: সিলিকন (Si), জার্মেনিয়াম (Ge), সেলেনিয়াম (Se) এবং টেলুরিয়াম (Te)। 

  •  যৌগিক সেমিকন্ডাক্টর: গ্যালিয়াম আর্সেনাইড (GaAs), ইন্ডিয়াম ফসফাইড (InP), সিলিকন কার্বাইড (SiC), ক্যাডমিয়াম সালফাইড (CdS) এবং গ্যালিয়াম নাইট্রাইড (GaN)।

অন্তরক বা ইনসুলেটর (বিদ্যুৎ অপরিবাহী পদার্থ) নামঃ 

  • কঠিন অন্তরক: শুকনো কাঠ, রাবার, প্লাস্টিক, কাঁচ, মাইকা, চীনামাটির বাসন (পোর্সেলিন), কাগজ, তুলা, রেশম, মোম, ইবোনাইট এবং শুকনো মাটি। 

  •  তরল অন্তরক: বিশুদ্ধ পানি (পাতিত পানি), ট্রান্সফরমার তেল বা খনিজ তেল। 

  •  গ্যাসীয় অন্তরক: শুষ্ক বাতাস, নাইট্রোজেন, হাইড্রোজেন এবং সালফার হেক্সাফ্লুরাইড (SF6)।

নিচে ২০০C তাপমাত্রায় পরিবাহী পদার্থের আপেক্ষিক রোধসহ নামের তালিকা দেওয়া হলোঃ

ক্রমিক নম্বর

পরিবাহী পদার্থের নাম

আপেক্ষিক রোধ (ওহম-মিটার)

১ রুপা  1.64 x 10-8 Ω-m
২ তামা  1.72 x 10-8 Ω-m
৩ সোনা  2.44  x 10-8  Ω-m
৪ অ্যালুমিনিয়াম  2.8   x 10-8​  Ω-m
৫ টাংস্টেন  5.5   x 10-8​  Ω-m
৬ মারকারি 95.8   x 10-8​  Ω-m
৭ নাইক্রোম  108  x 10-8​  Ω-m
৮ দস্তা  6.2  x 10-8​  Ω-m
৯ প্লাটিনাম (9 - 15.5)  x 10-8​  
১০ সীসা  20.8  x 10-8​  Ω-m
১১ জার্মান সিলভার  20.2  x 10-8​  Ω-m
১২  ম্যাংগানিন  (44 - 48)  x 10-8​  Ω-m

নিচে ২০০C তাপমাত্রায় অপরিবাহী পদার্থের আপেক্ষিক রোধসহ নামের তালিকা দেওয়া হলোঃ

ক্রমিক নম্বর

অপরিবাহী পদার্থের নাম

আপেক্ষিক রোধ (ওহম-মিটার)
1 ব্যাকেলাইট  102 Ω-m
2 মাইকা  107 Ω-m
3 রাবার 108 Ω-m
4  গ্লাস 102 - 104 Ω-m
5 অ্যাম্বার  5 x 106 Ω-m
6 সালফার  107 Ω-m

 

২.৪ কোনো পরিবাহীর রোধকে প্রভাবিত করে এমন বিষয়গুলো বর্ণনা 

পরিবাহীর যে বৈশিষ্ট্য তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধাগ্রস্ত করে, তাকে রোধ (resistance) বলা হয়। একটি পরিবাহীর রোধ মূলত চারটি প্রধান বিষয়ের ওপর নির্ভর করে। বিষয়গুলো নিচে বর্ণনা করা হলো:

  1. পরিবাহীর দৈর্ঘ্য (l) 

  2. পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A) 

  3. পরিবাহীর উপাদান (উপাদান / রোধাঙ্ক ρ) 

  4. তাপমাত্রা (T)

 

  • পরিবাহীর দৈর্ঘ্য (l):

সম্পর্কঃ একটি নির্দিষ্ট তাপমাত্রায় (T) এবং নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A) বিশিষ্ট কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। অর্থাৎ, R ∝ L, যেখানে A এবং T ধ্রুবক।
ব্যাখ্যা: পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ইলেকট্রন প্রবাহের পথে বাধার পরিমাণ বেড়ে যায়, যার ফলে রোধ বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, কোনো তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার রোধও দ্বিগুণ হয়ে যায়।

  • পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A): 

সম্পর্কঃ একটি নির্দিষ্ট তাপমাত্রা (T) এবং নির্দিষ্ট দৈর্ঘ্য (L) বিশিষ্ট কোনো পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যাস্তানুপাতিক। অর্থাৎ, R ∝ 1/A, যেখানে L এবং T ধ্রুবক।

ব্যাখ্যা: পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে ইলেকট্রন প্রবাহের পথে বাধার পরিমাণ কমে যায়, যার ফলে রোধ কম হয়। উদাহরণস্বরূপ, কোনো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করা হলে তার রোধও ০.৫ গুণ বা অর্ধেক হয়ে যায়। 

  • পরিবাহীর উপাদান (উপাদান / রোধাঙ্ক ρ):

সম্পর্কঃ একটি নির্দিষ্ট তাপমাত্রা (T), নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A) এবং নির্দিষ্ট দৈর্ঘ্য (L) বিশিষ্ট কোন পরিবাহীর রোধ এর আপেক্ষিক রোধের সমানুপাতিক (R ∝  ρ)। যেখানে L , A এবং T ধ্রুবক।

ব্যাখ্যা: কোনো পরিবাহীর রোধ তার উপাদানের উপর নির্ভরশীল। ভিন্ন ভিন্ন পদার্থের তড়িৎ প্রবাহে বাধা দেওয়ার ক্ষমতা ভিন্ন। যেমনঃ তামা বা রুপার আপেক্ষিক রোধ কম হওয়ায় এগুলোতে রোধ কম থাকে, আর নাইক্রোমের আপেক্ষিক রোধ বেশি।

  • তাপমাত্রা (T): 

পরিবাহীর রোধ তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা বাড়লে সাধারণত ধাতব পরিবাহীর রোধ বাড়ে, কারণ পরমাণু গুলোর কম্পন বেড়ে ইলেকট্রন প্রবাহে বাধা সৃষ্টি হয়। উপরোক্ত বিষয় গুলো ছাড়াও পরিবাহীর রোধ আলোর প্রভাব, চাপের প্রভাব, চুম্বকের প্রভাব এবং পরিবাহীর বিশুদ্ধতার উপর নির্ভরশীল।  তবে অর্ধপরিবাহকের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে।

 

২.৫ রোধ সংক্রান্ত সূত্রগুলো উল্লেখ 

তড়িৎ প্রবাহের রোধ (R) সংক্রান্ত প্রধান সূত্রগুলো নিচে দেওয়া হলোঃ 

  • রোধের নির্ভরশীলতার সূত্র (Laws of Resistance): 

দৈর্ঘ্যের সূত্র:

একটি নির্দিষ্ট তাপমাত্রায় (T) এবং নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A) বিশিষ্ট কোনো পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের (L) সমানুপাতিক। অর্থাৎ,  R ∝ L, যেখানে A এবং T ধ্রুবক।

প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র:

একটি নির্দিষ্ট তাপমাত্রা (T) এবং নির্দিষ্ট দৈর্ঘ্য (L) বিশিষ্ট কোনো পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের (A) ব্যস্তানুপাতিক। অর্থাৎ, R ∝ 1/A, যেখানে L এবং T ধ্রুবক।

এই দুটি সূত্র একত্র করলে পাওয়া যায়: R ∝ L/A, R = ρL/A, এখানে ρ একটি ধ্রুবক, একে রোধাঙ্ক  বা উপাদানের আপেক্ষিক রোধ বলা হয়। 

তাপমাত্রার সূত্র:

উপাদান ও দৈর্ঘ্য স্থির থাকলে তাপমাত্রা বাড়লে সাধারণত ধাতব পরিবাহকের রোধ বাড়ে। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে। 

  • ওহমের সূত্র (Ohm's Law): 

তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ (I) এর দুই প্রান্তের বিভব পার্থক্যের (V) সমানুপাতিক। অর্থাৎ, V ∝ I, V = IR, R = V/I, এখানে R হল ধ্রুবক একে রোধ বলা হয়। 

  • তুল্য রোধের সূত্র (Equivalent Resistance):

শ্রেণী সংযোগ (Series): Rs = R1 + R2 + R3 + - - -)

সমান্তরাল সংযোগ (Parallel): 1/Rp = 1/R1 + 1/R2 + 1/R3 + - - - )

  • অন্যান্য সম্পর্কিত সূত্র: 

পরিবাহিতা (G): G = 1/R

জুলের তাপীয় সূত্র: H = I²Rt

 

২.৬ R = ρL/A সম্পর্কটি প্রমাণ 

দৈর্ঘ্যের সূত্র: একটি নির্দিষ্ট তাপমাত্রায় (T) এবং নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A) বিশিষ্ট কোনো পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের (L) সমানুপাতিক। সুতরাং কোন পরিবাহীর দৈর্ঘ্যে বাড়লে এর রোধ বাড়বে এবং দৈর্ঘ্যে কমলে রোধ কমবে। অর্থাৎ,  R ∝ L, যেখানে A এবং T ধ্রুবক।

প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র: একটি নির্দিষ্ট তাপমাত্রা (T) এবং নির্দিষ্ট দৈর্ঘ্য (L) বিশিষ্ট কোনো পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের (A) ব্যস্তানুপাতিক। সুতরাং কোন পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে রোধ কমবে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমলে রোধ বাড়বে। অর্থাৎ, R ∝ 1/A, যেখানে L এবং T ধ্রুবক।

এই দুটি সূত্র একত্র করলে পাওয়া যায়: R ∝ L/A, R = ρL/A, এখানে ρ একটি ধ্রুবক, একে রোধাঙ্ক  বা উপাদানের আপেক্ষিক রোধ বলা হয়। ইহা পরিবাহীর উপাদানের উপরও নির্ভর করে। 

তাপমাত্রার সূত্র: উপাদান ও দৈর্ঘ্য স্থির থাকলে তাপমাত্রা বাড়লে সাধারণত ধাতব পরিবাহকের রোধ বাড়ে। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে। 

২.৭ রোধকত্বের (resistivity) অর্থ ব্যাখ্যা 

রোধকত্ব (Resistivity) বা আপেক্ষিক রোধ হলো কোনো পদার্থের একটি নিজস্ব বা মৌলিক ধর্ম, যা নির্দেশ করে ওই পদার্থটি তার মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহকে কী পরিমাণ বাধা দিবে। 

গাণিতিক সূত্রঃ কোনো পরিবাহীর রোধ (R), দৈর্ঘ্য (L) এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A) হলে, রোধকত্বের সূত্রটি হলো: ρ = R A/L 
এখানে L = 1 (একক দৈর্ঘ্য), A = 1 (একক প্রস্থচ্ছেদ) হলে ρ = R হবে। 

সহজ কথায়, নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকেই ওই পদার্থের রোধকত্ব বলে

বৈশিষ্ট্যঃ এটি সম্পূর্ণরূপে উপাদানের প্রকৃতি ও তাপমাত্রার ওপর নির্ভর করে। তারটি কতটা লম্বা বা মোটা তার উপর রোধকত্ব নির্ভর করে না। যেমন: তামার বা অ্যালুমিনিয়ামের একটি ছোট টুকরো এবং একটি বিশাল তারের রোধ আলাদা হলেও উভয়ের রোধকত্ব একই থাকবে। 

S.I. বা M.K.S. পদ্ধতিতে এর একক = ওহম-মিটার (Ω-m)

C.G.S. পদ্ধতিতে এর একক = ওহম- সেন্টিমিটার (Ω-cm) এবং 

F.P.S. পদ্ধতিতে এর একক = ওহম- ইঞ্চি (Ω-inch)

 

২.৮ রোধকত্বের একক উল্লেখ করে এর বর্ণনা 

রোধকত্বের (Resistivity) এসআই (SI) একক হলো ওহম-মিটার (Ω-m)

এককের বর্ণনা ও সংজ্ঞা: 

রোধকত্ব কোনো পরিবাহী পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য, যা তাপমাত্রার ওপর নির্ভর করে। এর এককের সংজ্ঞা নিচের সূত্র থেকে পাওয়া যায়: ρ = R A/L 

এখানে,

  • ρ (রো) = রোধকত্ব
  • R = পরিবাহীর রোধ (একক: ওহম বা ohm)
  • A = পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (একক: বর্গমিটার বা m2)
  • L = পরিবাহীর দৈর্ঘ্য (একক: মিটার বা m)

এককের প্রমাণ: 

রোধকত্বের একক = {ওহম (Ω) x মি2 (m2)}/m = ওহম (Ω) x মি (m​) = ওহম-মিটার (Ω-m)

 ওহম-মিটার (Ω-m​) বলতে কী বোঝায়?

নির্দিষ্ট তাপমাত্রায় ১ মিটার (1m) দৈর্ঘ্য এবং ১ বর্গমিটার (1m2) প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধ যত ওহম হয়, তাকে ঐ পরিবাহীর উপাদানের রোধকত্ব বলে। উদাহরণস্বরূপ, তামার রোধকত্ব 1.72 x 10-8 Ω-m বলতে বোঝায়, 1m দৈর্ঘ্য এবং 1m2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তামার তারের রোধ 1.72 x 10-8 Ω ।

কন্ডাক্ট্যান্স এবং আপেক্ষিক কন্ডাক্ট্যান্সের অর্থ এবং তাদের এককঃ 

কন্ডাক্ট্যান্স (Conductance) বা পরিবাহিতা হলো কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সহজতা নির্দেশ করে, রোধের বিপরীত রাশিকেই কন্ডাক্ট্যান্স বা পরিবাহিতা (G) বলা হয়। অর্থাৎ, এটি পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচলের সক্ষমতা নির্দেশ করে। 

কোন পরিবাহীর রোধ R হলে, পরিবাহিতা (G) = 1/R = A/ρL 

কন্ডাক্ট্যান্স (Conductance) বা পরিবাহিতা (G) এর একক = (1/ohm x m) x m2/m = 1/oh-m = mho (℧)

আপেক্ষিক কন্ডাক্ট্যান্স (Specific Conductance) বা আপেক্ষিক পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি হলো একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট কোনো পরিবাহীর পরিবাহিতা অথবা আপেক্ষিক রোধের (ρ) বিপরীত রাশিকে আপেক্ষিক কন্ডাক্ট্যান্স বা আপেক্ষিক পরিবাহিতা (k, কাপ্পা) বলে। সহজ কথায়, 1 মিটার দৈর্ঘ্য এবং 1বর্গমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট কোনো পরিবাহীর কন্ডাক্ট্যান্সকে আপেক্ষিক কন্ডাক্ট্যান্স বলে। 

আপেক্ষিক পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি (k) = 1/ρ = 1/ohm-m = mho m-1 

 

২.৯ রোধ সংক্রান্ত সূত্রগুলোর ওপর ভিত্তি করে গাণিতিক সমস্যা সমাধান 

১। যদি টাংস্টেন এর আপেক্ষিক রোধ 5.5   x 10-8​  Ω-m হয়, তবে 5.5 ওহম রোধ বিশিষ্ট 20 মিটার দীর্ঘ একটি টাংস্টেন তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে? 

উত্তরঃ এখানে দেওয়া আছে,  আপেক্ষিক রোধ (ρ) = 5.5   x 10-8​  Ω-m, 

রোধ (R) = 5.5 Ω 

দৈর্ঘ্য (L) = 20 m

আমরা জানি, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A) = ρ L/R

টাংস্টেন তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A) = (5.5   x 10-8​ x 20)/5.5

= 20 x 10-8 m2 

= 2 x 10-7 m2 

= 2 x 10-7 x 104 cm2 

= 2 x 10-3 cm2. (Answer)

২। 2 কিলোমিটার দীর্ঘ এবং 2.58 সে. মি. ব্যাসবিশিষ্ট একটি অ্যালুমিনিয়ামের রোধ 0.26 Ohm হলে তারের আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় কর। 

উত্তরঃ এখানে দেওয়া আছে, তারের দৈর্ঘ্য (L) = 2 km = 2 x 1000 m = 2000 m = 2 x 103 m (we know, 1 km = 1000 m)

ব্যাস (d) = 2.58 cm = 2.58/100 m = 0.0258 m = 2.58 x 10-2 m ( we know, 1m = 100 cm)

রোধ (R) = 0.26 Ohm

আমরা জানি, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A) = πd2/4 = 3.141 x (2.58 x 10-2)2/4 = 0.000523 m = 5.23 x 10-4 m

আমরা জানি, আপেক্ষিক রেজিস্ট্যান্স (ρ) = RA/L = (0.26 x 5.23 x 10-4)/2 x 103 = 0.13 x 5.23 x 10-7 = 0.6799 x 10-7 Ω-m = 6.799 x 10-8 Ω-m. (Answer)

৩। আপেক্ষিক রেজিস্ট্যান্স (ρ) = 0.0175 x 10-6 Ω-m এবং 2 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি কপার তারের রোধ 1.8 Ohm হলে কপার তারের দৈর্ঘ্য (L) কত হবে? 

উত্তরঃ এখানে দেওয়া আছে, আপেক্ষিক রেজিস্ট্যান্স (ρ) = 0.0175 x 10-6 Ω-m

রোধ (R) = 1.8 Ohm

ব্যাস (d) = 2 mm = 2 x 10-3 m ( We know, 1 m = 1000 mm

আমরা জানি, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A) = πd2/4 = 3.141 x (2 x 10-3)2/4 = 3.141 x 10-6 m2 (π = 3.141)

আমরা জানি, কপার তারের দৈর্ঘ্য (L) = RA/ρ = 1.8 x 3.141 x 10-6 /0.0175 x 10-6 = 323.07 m (Answer)

৪। 1830 মিটার দীর্ঘ এবং 1.54 cm2 প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি অ্যালুমিনিয়াম তারের রেজিস্ট্যান্স নির্ণয় কর? অ্যালুমিনিয়াম তারের রেজিস্টিভিটি (ρ) = 2.8   x 10-8​  Ω-m । 

উত্তরঃ  এখানে দেওয়া আছে, আপেক্ষিক রেজিস্ট্যান্স (ρ) = 2.8   x 10-8​  Ω-m 

তারের দৈর্ঘ্য (L) = 1830 মিটার 

তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A) = 1.54 cm2 = 1.54 x 10-4 m2 ( We know, 1 m2 = (100)2 cm2 = 104 cm2 )

আমরা জানি, অ্যালুমিনিয়াম তারের রেজিস্ট্যান্স (R) = ρL/A = 2.8   x 10-8​  x 1830 / 1.54 x 10-4 = 3327.27 x 10-4 Ohm = 0.3327 Ohm. (Answer) 

৫।  2 km দীর্ঘ এবং 1.5 cm বর্গাকার বাহু বিশিষ্ট কপার তারের রোধ কত? কপারের আপেক্ষিক রেজিস্ট্যান্স (ρ) = 0.0175 x 10-6 Ω-m

উত্তরঃ  এখানে দেওয়া আছে, আপেক্ষিক রেজিস্ট্যান্স (ρ) = 0.0175 x 10-6 Ω-m

বর্গাকার একটি বাহুর দৈর্ঘ্য (L) = 1.5 cm

বর্গাকার এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A) = (1.5)2 = 2.25 cm2 = 2.25 x 10-4 m2

তারের দৈর্ঘ্য (L) = 2 km = 2 x 1000 m = 2000 m 

আমরা জানি, কপার তারের রেজিস্ট্যান্স (R) = ρL/A = (0.0175 x 10-6 x 2000)/ 2.25 x 10-4 = 15.56 x 10-2 Ω = 0.1556 Ω (Answer) 

৬। একটি তারর রেজিস্ট্যান্স 12 Ω. একই পদার্থের অন্য একটি তারের রোধ কত হবে, যদি এর দৈর্ঘ্য প্রথমটির 4 গুন এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রথমটির 6 গুন হয়। 

উত্তরঃ ধরি, প্রথম তারের রেজিস্ট্যান্স, R1 = 12 Ω

দ্বিতীয় তারের রেজিস্ট্যান্স, R2 = ?

প্রথম তারের দৈর্ঘ্য = L1 

দ্বিতীয় তারের দৈর্ঘ্য = L2 

প্রথম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল = A1

দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল = A2 

প্রশ্নমতে, L2  = 4L1  এবং A2 = 6A1 এবং ρ এর মান উভয় ক্ষেত্রেই সমান কারন একই পদার্থ। 

আমরা জানি, দ্বিতীয় তারের রেজিস্ট্যান্স, R2 = ρL2/A2 = ρ4L1 / 6A1 = 0.67 ρL1/A1 - - - (1)

প্রথম তারের রেজিস্ট্যান্স, R1 = ρL1/A1 = 12 - - - (2)

সমীকরণ (1) ও (2) সমাধান করে পাই, দ্বিতীয় তারের রেজিস্ট্যান্স, R2 = 0.67 x 12 = 8.04 Ω (Answer)

(বিঃদ্রঃ আশা করছি উপরে দেওয়া এই ৬টি অংক বুঝে প্র্যাকটিস করতে পারলে পরীক্ষায় এই অধ্যায়ে অংকে কোন সমস্যা হবে না) 

অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরঃ 

১। পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স কী কী বিষয়ের উপর নির্ভর করে? 

উত্তরঃ পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স নিচে দেওয়া বিষয় গুলোর উপর নির্ভর করেঃ 

  1. পরিবাহীর দৈর্ঘ্য (L) 

  2. পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A) 

  3. পরিবাহীর উপাদান (উপাদান / রোধাঙ্ক ρ) 

  4. তাপমাত্রা (T)

২। অপরিবাহী বা ইন্সুলেটর বলতে কী বুঝ। 

উত্তরঃ যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ বা তাপ প্রবাহিত হতে পারে না অর্থাৎ খুব বেশী বাঁধার সম্মুখীন হতে হয়, তাদেরকে অপরিবাহী বা অন্তরক বলে। এদের মধ্যে কোন মুক্ত ইলেকট্রন থাকে না বললেই চলে। 

উদাহরণ: কাঠ, প্লাস্টিক, কাচ, রাবার, সিরামিক, ইবোনাইট ও মাইকা ইত্যাদি।

৩। অর্ধপরিবাহী কাকে বলে? 

উত্তরঃ যে সকল পদার্থের তড়িৎ পরিবাহিতা পরিবাহী ও অপরিবাহীর মাঝামাঝি, তাদেরকে অর্ধপরিবাহী বলে। স্বাভাবিক তাপমাত্রায় এদের পরিবাহিতা পরিবাহীর চেয়ে কম কিন্তু অপরিবাহীর চেয়ে বেশি হয়। তাপমাত্রা বাড়লে এদের পরিবাহিতা বৃদ্ধি পায়। 

উদাহরণ: সিলিকন (Silicon), জার্মেনিয়াম (Germanium), এন্টিমনি, টিন, কার্বন, আর্সেনিক ও ভেজা কাঠ ইত্যাদি।

৪। এককসহ রেজিস্টিভিটি বা আপেক্ষিক রোধের সংজ্ঞা লিখ। 

উত্তরঃ নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকেই ওই পদার্থের রোধকত্ব বলে। S.I. বা M.K.S. পদ্ধতিতে এর একক = ওহম-মিটার (Ω-m)

৫। পরিবাহী কাকে বলে? 

উত্তরঃ যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজে এবং খুব দ্রুত বিদ্যুৎ ও তাপ প্রবাহিত হতে পারে এবং খুব কম বাঁধার সম্মুখীন হতে হয়, তাদেরকে পরিবাহী বলে। এদের মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন (Free electrons) থাকে। 

উদাহরণ: তামা, লোহা, সোনা, রূপা, অ্যালুমিনিয়াম ও পিতল ইত্যাদি।

৬। রোধের তাপমাত্রা সহগ বলতে কী বুঝ। 

উত্তরঃ 00C তাপমাত্রা থেকে কোন পরিবাহীর তাপমাত্রা 10C বৃদ্ধির ফলে উহার রোধ এক ওহমের যে পরিবর্তন হয় তাকে রোধের তাপমাত্রা সহগ (œ) বলে। 

রোধের তাপমাত্রা সহগ (œ) = (Rt - R0)/R0t 

৭। পরিবাহীতে উৎপন্ন তাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে? 

উত্তরঃ জুলের সূত্রানুযায়ী আমরা জানি, জুলের তাপীয় সূত্র: H = I²Rt, অতএব পরিবাহীতে উৎপন্ন তাপ নিম্ম লিখিত বিষয় গুলোর উপর নির্ভর করেঃ 

  1. পরিবাহীতে প্রবাহিত কারেন্ট (i)
  2. পরিবাহীর রোধ (R)
  3. পরিবাহীতে কারেন্ট প্রবাহের সময় (t) এবং 
  4. পরিবাহীর উপাদান বা গুনাগুণ 

৮।  কার ভিতর দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে ?

উত্তরঃ পরিবাহী 

৯।  S.I. পদ্ধতিতে আপেক্ষিক রোধের একক কী? 

উত্তরঃ ওহম - মিটার (Ω-m)। 

১০। রেজিস্টিভীটি নির্ণয়ের সুত্রটি লিখ। 

উত্তরঃ আপেক্ষিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভীটি (ρ) = RA/L (এখানে R = রোধ, A = পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং L = পরিবাহীর দৈর্ঘ্য) 

১১। কোন পরিবাহীর প্রস্থচ্ছেদ হ্রাস বা বৃদ্ধিতে এর রেজিস্ট্যান্স এর কী তারতম্য ঘটবে? 

উত্তরঃ আমরা জানি, একটি নির্দিষ্ট তাপমাত্রা (T) এবং নির্দিষ্ট দৈর্ঘ্য (L) বিশিষ্ট কোনো পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের (A) ব্যস্তানুপাতিক। অর্থাৎ, R ∝ 1/A, যেখানে L এবং T ধ্রুবক। অর্থাৎ, কোন পরিবাহীর প্রস্থচ্ছেদ কমলে রোধ বাড়বে এবং পরিবাহীর প্রস্থচ্ছেদ বাড়লে রোধ কমবে। 

১২। কোন পরিবাহীর ব্যাস 2 গুন বৃদ্ধি করলে তার কারেন্ট বহন ক্ষমতা কত গুন বৃদ্ধি পাবে। 

উত্তরঃ রোধ ব্যাসের বর্গের সাথে ব্যাস্তানুপাতিক বিধায় কোন পরিবাহীর ব্যাস 2 গুন বৃদ্ধি করলে রোধ 4 গুন কমে যাবে এবং তার কারেন্ট বহন ক্ষমতা 4 গুন বৃদ্ধি পাবে। 

১৩। তাপ বাড়লে ইনসুলেটরের রেজিস্ট্যান্সে কী তারতম্য ঘটে? 

উত্তরঃ তাপমাত্রা বাড়লে ইনসুলেটরের (অপরিবাহী পদার্থের) রেজিস্ট্যান্স বা রোধ কমে যায়

। ফলে অপরিবাহী পদার্থে মুক্ত ইলেকট্রন বৃদ্ধি পায়, অপরিবাহী পদার্থের পরিবাহিতা বৃদ্ধি পায় এবং নেগেটিভ টেম্পারেচার কো-ইফিসিয়েন্ট (NTC) কমে যায়। 

১৪। কোন পরিবাহীর রেজিস্ট্যান্স 0.5 ohm হলে তার কন্ডাক্ট্যান্স কত হবে? 

উত্তরঃ আমরা জানি, কন্ডাক্ট্যান্স (G) = 1/R = 1/0.5 = 10/5 = 2 mho (℧) 

১৫। মুক্ত ইলেকট্রন কী? 

উত্তরঃ পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরের (যোজ্যতা স্তরের বা কক্ষের) যে ইলেকট্রন গুলোর সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল খুব কম থাকে এবং সামান্য বাহ্যিক শক্তি (যেমনঃ তাপ, আলো বা বিভব পার্থক্য) পেলে পরমাণু থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনভাবে পুরো পদার্থের মধ্যে চলাচল করতে পারে বা অন্য পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরে চলে যেতে পারে, তাদেরকে মুক্ত ইলেকট্রন

(Free Electron) বলা হয়। 

১৬। ভ্যালেন্স ইলেকট্রন কী ?

উত্তরঃ ভ্যালেন্স ইলেকট্রন

(বা যোজ্যতা ইলেকট্রন) হলো কোনো পরমাণুর সবচেয়ে বাইরের শক্তিস্তরে বা শেলে থাকা ইলেকট্রন

। এগুলো রাসায়নিক বিক্রিয়া এবং সমযোজী বন্ধন গঠনে অংশ নেয়।

১৭। বদ্ধ ইলেকট্রন কী ?

উত্তরঃ বদ্ধ ইলেকট্রন

(Bound Electron) হলো সেই ইলেকট্রন

, যা পরমাণুর ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের আকর্ষণ বলের প্রভাবে পরমাণু বা অণুর ভেতরে আবদ্ধ থাকে এবং সহজে পরমাণু ছেড়ে বেরিয়ে যেতে পারে না। অর্থাৎ, অনেক ক্ষেত্রে অষ্টক পূর্ণ অবস্থায় থাকে। 

১৮। ভ্যালেন্স ব্যান্ড কী ?

উত্তরঃ কোনো কঠিন পদার্থের পরমাণুর সর্বশেষ কক্ষপথে থাকা যোজন ইলেকট্রনসমূহ (Valence Electrons) যে নির্দিষ্ট শক্তির পাল্লার (Energy Range) মধ্যে অবস্থান করে, তাকে ভ্যালেন্স ব্যান্ড বা যোজন ব্যান্ড (Valence Band) বলে

।

সাধারণ অবস্থায় এটি ইলেকট্রন দ্বারা পূর্ণ সর্বোচ্চ শক্তি স্তর।

১৯। কন্ডাকশন ব্যান্ড কী ?

উত্তরঃ কন্ডাকশন ব্যান্ড (Conduction Band) হলো পদার্থের পরমাণুর এমন একটি উচ্চ শক্তিস্তর, যেখানে ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করতে পারে এবং বিদ্যুৎ পরিবহনে অংশ নেয়

।

২০। ভ্যালেন্স ও কন্ডাকশন ব্যান্ডে ওভারলেপিং  কী? 

উত্তরঃ ভ্যালেন্স ব্যান্ড (যোজন ব্যান্ড) ও কন্ডাকশন ব্যান্ড (পরিবহন ব্যান্ড) পরস্পর মিলে যাওয়া বা একে অপরের ওপর উপরিপাতিত হওয়াকেই ব্যান্ড ওভারল্যাপিং (Band Overlapping) বলে

।

২১। ফরবিডেন এনার্জি গ্যাপ বলতে কি বুঝ। 

উত্তরঃ ফরবিডেন এনার্জি গ্যাপ (বা নিষিদ্ধ শক্তিস্তর) হলো কোনো কঠিন পদার্থের ভ্যালেন্স ব্যান্ডের

সর্বোচ্চ শক্তি স্তর এবং কন্ডাকশন ব্যান্ডের

সর্বনিম্ন শক্তি স্তরের মধ্যবর্তী (অঞ্চল) শক্তির পার্থক্য।

এই অঞ্চলে স্বাভাবিক অবস্থায় কোনো ইলেকট্রন থাকতে পারে না। যেমনঃ ফরবিডেন এনার্জি গ্যাপ, Eg = Ec - Ev (যেখানে Ec হলো কন্ডাকশন ব্যান্ডের সর্বনিম্ন শক্তি এবং Ev হলো ভ্যালেন্স ব্যান্ডের সর্বোচ্চ শক্তি)।

 

 

 

 

Department: 
Electrical Technology [1]
Powered By : Authority, Bhola Sadar Polytechnic Institute
Planned & Implemented By : Authority, Bhola Sadar Polytechnic Institute

Source URL:https://www.bspi.edu.bd/bspi20/en/digital-content/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%95%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF-%E0%A7%A8%E0%A7%9F-%E0%A6%85%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F-basic-electricity-2nd-chapter-code-26711-bangla-version

Links
[1] https://www.bspi.edu.bd/bspi20/en/dept/electrical-technology